বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান-ই হবেন দেশের আগামী প্রধানমন্ত্রী। তিনি জানান, খুব শিগগিরই তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করবেন।
শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা -এ আয়োজিত নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় মঞ্চে তারেক রহমান উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচন প্রমাণ করেছে তারেক রহমানের নেতৃত্বে দল যেমন সুসংগঠিত ও ঐক্যবদ্ধ, তেমনি দেশের ১৮ কোটি মানুষও আজ ঐক্যবদ্ধ। তার মতে, এই নির্বাচনের মাধ্যমে উদার গণতান্ত্রিক ধারার বিজয় ঘটেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।
-এমইউএম










