ফলাফল মেনে দায়িত্বশীল বিরোধীদল হিসেবে কাজের ঘোষণা জামায়াত আমিরের

নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের ঘোষণা দিয়েছেন ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথচলা। মানুষের আস্থা অর্জন, ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীল প্রস্তুতি নেওয়াই এখন তাদের লক্ষ্য।

তিনি জানান, শুরু থেকেই দল একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ছিল এবং এখনো সেই অবস্থানে অটল রয়েছে। সামগ্রিক ফলাফল মেনে নিয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

নেতাকর্মীদের প্রতি বার্তা

ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, অনেকেই সময়, শ্রম ও বিশ্বাস উৎসর্গ করেছেন। কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ৭৭টি আসন নিয়ে সংসদে দলের উপস্থিতি প্রায় চারগুণ বেড়েছে, যা আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী ব্লক হিসেবে প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়।

ইতিহাস

পোস্টে তিনি উল্লেখ করেন, ২০০৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাত্র ৩০টি আসনে নেমে এসেছিল; দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২০২৬ সালে তারা সরকার গঠন করেছে। এই উদাহরণ টেনে তিনি বলেন, রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল এবং ধৈর্য ও সংগঠিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।

সহিংসতার বিরুদ্ধে অবস্থান

তিনি স্পষ্টভাবে জানান, নির্বাচনের পর সহিংসতা, ভয়ভীতি বা প্রতিহিংসার রাজনীতির কোনো স্থান নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে দায়ীদের আইনের আওতায় আনার দাবি করেন।

দলীয় এমপি, প্রার্থী ও স্থানীয় নেতাদের উদ্দেশে তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, প্রমাণ সংগ্রহ এবং আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সরকারের প্রতি বার্তা

আসন্ন সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট কোনো ‘লাইসেন্স’ নয়; এটি শর্তযুক্ত আমানত। আইন-শৃঙ্খলা রক্ষা ও সবার সমান নিরাপত্তা নিশ্চিত করাই হবে সেই আমানতের মূল শর্ত।

সবশেষে তিনি পুনর্ব্যক্ত করেন, নীতিভিত্তিক, শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনীতির প্রতি তাদের অঙ্গীকার অবিচল থাকবে।

-এমইউএম