৫০৫ ভোটে জামানত হারালেন হান্নান মাসউদের বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিরল এক ঘটনা ঘটেছে। একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছেলের কাছে জামানত হারিয়েছেন বাবা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক পৃথক দল থেকে নির্বাচনে অংশ নেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ছেলে বিপুল ভোটে জয়ী হলেও বাবা মাত্র ৫০৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোট ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচনে শাপলা প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

অন্যান্য প্রার্থীদের ফলাফল
• হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম – ৪,৭৮৩ ভোট
• ফুটবল প্রতীকের তানভীর উদ্দিন রাজিব – ৩,৭৬৪ ভোট
• হাতপাখা প্রতীকের মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ – ২,১৭৯ ভোট
• তারা প্রতীকের মোহাম্মদ আব্দুল মোতালেব – ১,২৩৯ ভোট
• লাঙ্গল প্রতীকের এটিএম নাবী উল্যাহ – ২৮০ ভোট
• ট্রাক প্রতীকের মোহাম্মদ আজহার উদ্দিন – ১৯১ ভোট
• ছাতা প্রতীকের মোহাম্মদ আবুল হোসেন – ৮৬ ভোট

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩,৩৯,১৮৪ জন। মোট প্রাপ্ত ভোট ১,৭৪,৩৩২, যার মধ্যে বাতিল ভোট ৫,৩৬৭। ভোটদানের হার ৫১.৪০ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট ১,৯২৫ এবং ‘না’ ভোট ৫৩,২৪৮।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলার ইউএনও মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শাপলা, কলি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ছাড়া আরও আটজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। হাতিয়ায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, “বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া নানা দিক থেকে বঞ্চিত সবাই মিলে এই জনপদকে আলোকিত করবে, এমনটাই প্রত্যাশা করি।”

-এম ইউএম