নড়াইলের লোহাগড়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা আহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলবাগা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনি খান শেখ রিপন (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের দিন দায়িত্ব পালনকালে রিপন শেখ নিরপেক্ষ ভূমিকা পালন করেন। এ নিয়ে একই গ্রামের নাঈম শেখ ও তার সহযোগীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার জেরে সন্ধ্যায় রিপন শেখের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত নাঈম শেখের বিরুদ্ধে এলাকায় একাধিক মামলার অভিযোগ রয়েছে।
নাজিম উদ্দিন/মামুন










