কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ৮০ হাজারের বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় রেজা আহমেদ বলেন,’এ বিজয় মাটি ও মানুষের বিজয়। দৌলতপুরের আপামর জনগণের বিজয়। আমি দৌলতপুরের মানুষের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করব।’
তিনি এর আগেও বিএনপি থেকে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার পিতা প্রয়াত আহসানুল হক মোল্লা একাধিকবার এ আসনের এমপি ছিলেন।
এ আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের ১৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩ হাজার ৪৯২ জন, নারী ভোটার ২ লাখ ১ হাজার ১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
-সাইমুন










