নওগাঁর ৬টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফল অনুযায়ী ৫টি আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নওগাঁর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় হতে প্রাপ্ত ফলাফলে এমন তথ্য জানা গেছে।
নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৪২৮ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহাবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৮১৯ ভোট।
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামুইরহাট) আসনের ১২৪টি কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে জামায়াতের প্রার্থী এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৯৯৫ ভোট। তার নিকটতম প্রার্থী হিসেবে বিএনপির শামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট। এ আসনে এখন পর্যন্ত জামায়াতের প্রার্থী এনামুল হক এগিয়ে রয়েছেন।
নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের ৪৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী ফজলে হুদা পেয়েছেন ৫৯ হাজার ৭৩২ ভোট। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৩৬৭ ভোট। এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৪২টি।
নওগাঁ-৪ (মান্দা) এই আসনের ৫৩টি কেন্দ্রের বেসরকারিভাবে ফলাফলে বিএনপির প্রার্থী ইকরামুল বারী টিপু এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৬২২ ভোট। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুর রাকিব পেয়েছেন ৪০ হাজার ৬৮৫ ভোট। এই আসনে মোট ১১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ-৫ (সদর) আসনের ১১৮টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপির জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৬৫৫ ভোট। এই আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবু সাদাত মোহাম্মদ সায়েম পেয়েছেন ২৯ হাজার ৪৮৫ ভোট। এই আসনে এখন পর্যন্ত বিএনপির জাহিদুল ইসলাম ধলু এগিয়ে রয়েছেন।
নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) আসনের ৪১টি কেন্দ্রের বেসরকারি প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী রেজাউল ইসলাম রেজু এগিয়ে রয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ হাজার ৪৬৫ ভোট। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের খবিরুল ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ১০০ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলার ৭৮২টি কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে বিভিন্ন কেন্দ্র হতে ফলাফল আসা শুরু হয়েছে। সব কেন্দ্রের ফলাফল পেতে কিছুটা সময় লাগবে।
উল্লেখ্য, নওগাঁর ৬টি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬টি আসনে ভোটার রয়েছে ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন এবং নারী ভোটার ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ২১ জন।
-সাইমুন










