ফলাফলের ধারা অব্যাহত থাকলে মেনে নেবে জামায়াত

ছবিঃ সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “এখন পর্যন্ত যেভাবে ভোট হয়েছে ফলাফলে যদি একই ধারা থাকে তাহলে জামায়াত ফলাফল মেনে নেবে।” বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-১৫ আসনের প্রধান নির্বাচনি কার্যালয় ‘সি লাউঞ্জ রেস্টুরেন্টে’ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, “নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। অগ্রিম বলা সমীচীন নয়, জনগণের ওপর আস্থা আছে। প্রাথমিক ফলাফলে আভাস পাওয়া যাচ্ছে। এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না। দেশের স্বার্থ আমাদের কাছে বড়। এ পর্যন্ত যে ফলাফল এসেছে বেশিভাগ জায়গায় এগিয়ে আছে। আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে।”

তিনি বলেন, “জামায়াতে ইসলামীর জন্মের পর থেকে বার বার নিষিদ্ধ হয়েছে। কখনও থেমে থাকেনি। যারা হাল ধরেছিলেন তারা চলে গেছেন। কারোর স্বাভাবিক মৃত্যু হয়েছে, আবার কেউ জুলুমের শিকার হয়ে চলে গেছেন।”

প্রবাসীদের উদ্দেশে জামায়াতের শীর্ষ নেতা বলেন, “গত তিন নির্বাচনে আমরা কেউই ভোট দিতে পারিনি। এবার প্রবাসীরাও ভোট দিতে পেরেছেন। তারা আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তারা অনেক অধিকার থেকেই বঞ্চিত ছিলেন। ভোটের অধিকার প্রতিষ্ঠা হলে বাকিগুলো এমনিই চলে আসবে। আমরা যদি তাদের প্রতি দায়িত্ব পালন করি তারা আমাদের আরও উজাড় করে দেবেন।”

তিনি বলেন, “জুলাই আন্দোলনে রেমিট্যান্স না দেওয়ার ঘোষণায় সরকারের ভীত নড়ে গিয়েছিল। বহু জায়গায় নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। তাদের মধ্যে অনেকে আটক হয়ে জেলে মারাও গেছেন। আমরা তাদের স্বীকৃতি দিচ্ছি। ক্ষমতায় আসলে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।”

গণমাধ্যমকর্মীদের নিয়ে শফিকুর রহমান বলেন, “সাংবাদিকরা আমাদের সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। খোঁজ নিতে পারিনি। খোঁজ নেওয়াটা দায়িত্ব ছিল, ক্ষমা চাই। আমরা একসঙ্গে কাজ করবো। একা কোনও প্রকারের পক্ষে দেশ গড়া সম্ভব নয়। রাজনীতিবিদ ও সাংবাদিকদের চারদিক থেকে সব খেয়াল রাখতে হয়।” দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “অনেক শঙ্কা ছড়ানো হয়েছিলো। বড় কোনও কেলেঙ্কারি হয়নি। সমাজে একসঙ্গে চলতে গেলে ভুলভ্রান্তি হতেই পারে।”

নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে জামায়াতের আমির বলেন, “আজকেও আমাদের দেখা হয়েছে। যেকোনও একজন জিতবে। আমরা একজনের জয় মেনে নেবো। আমি নির্বাচিত হলে সবার পরামর্শ নিয়ে একসঙ্গে কাজ করবো। সরকারে গেলে সকল দলকে পাশে চাইবো। যেসব দেশের সঙ্গে ভালো সম্পর্ক আছে তা বজায় রাখবো, খোলা মন নিয়ে সবার প্রাপ্য দিবো আমাদেরটা বুঝে নিবো।”

-বেলাল