‘পুরুষের চেয়ে নারী ভোটার উপস্থিতি বেশি, এটাই সাফল্য’ —জামায়াত প্রার্থী আরমান

ঢাকা-১৪ (মিরপুর) আসনে জামায়াত সমর্থিত প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান বলেছেন, পুরুষদের তুলনায় ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি। নারী ভোটারদের এই বেশি উপস্থিতিকেই তিনি নিজেদের সাফল্য হিসেবে দেখছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মিরপুর কমার্স কলেজ কেন্দ্রে পরিদর্শন করে তিনি ঢাকা পোস্টকে দেওয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

ব্যারিস্টার আরমান বলেন, “কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। পুরুষদের চেয়ে নারী ভোটার উপস্থিতি অনেক বেশি। এটা আমাদের অন্যতম সাফল্য।”

নিজের জয়ের বিষয়ে আশাবাদী কি না জানতে চাইলে তিনি বলেন, “যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, মানুষজন পরিবর্তন পক্ষে ও হ্যাঁ ভোটের রায় দেবে এবং আমি জয়ের ব্যাপারে আশাবাদী, ইনশাল্লাহ।”

ভোট কেন্দ্রের ভোটগ্রহণের অগ্রগতিও জানা গেছে। মিরপুর কমার্স কলেজে মোট তিনটি ভোট কেন্দ্র রয়েছে।

  • এক নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সাইফুল রহমান জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১০.৮৩ শতাংশ ভোট পড়েছে; ৩২২ ভোট পড়েছে, মোট ভোটার ২৯৮৪ জন, যারা সবাই পুরুষ। সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৩.১০ শতাংশ, অর্থাৎ ৬৮৭ ভোট।
  • দুই নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৯টা পর্যন্ত ৭.৪ শতাংশ ভোট পড়েছে; মোট ভোটার সংখ্যা ২৮১০, যাদের সবাই নারী।
  • তিন নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রেজাউর রহমান জানান, সকাল ১০টা পর্যন্ত ১৩.১২ শতাংশ ভোট পড়েছে; মোট ভোটার ১৭৪৬ জন, যার মধ্যে ২২৯ ভোট পড়েছে এবং এ সময়ের মধ্যে নারী ও পুরুষ দুই ধরনের ভোটারই ভোট দিয়েছেন।

এতে দেখা যাচ্ছে, নারী ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেশি, যা প্রার্থী আরমানের ভাষ্যে তাদের সাফল্যের অন্যতম পরিচায়ক।

-এমইউএম