জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, দেশে নির্বাচন সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে চলছে, যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, দিনভর ভোটাররা নিরাপদে ভোট দিতে পারবেন বলে তিনি আশাবাদী। এ বছর দুইটি ব্যালট থাকায় সকালে ভোটার সংখ্যা কিছুটা কম ছিল, তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।
আসিফ মাহমুদ আরও বলেন, কিছু এলাকায় প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হতাশা তৈরি করেছে। তবে তিনি আশা প্রকাশ করেন, সারাদিন ভোটের পরিবেশ ভালো থাকবে এবং সবাই তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবে।
তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দলটি ভোটের বিষয়ে দ্বিচারিতা প্রদর্শন করছে যদিও তাদের শীর্ষ নেতৃত্ব ‘হ্যাঁ’ ভোট দিতে বলছে, তবু স্থানীয় নেতাকর্মীরা ‘না’ প্রচারণা চালাচ্ছেন। তার আশাবাদ, ‘হ্যাঁ’ ভোট বড় ব্যবধানে বিজয়ী হবে।
সাবরিনা রিমি/










