মৌলভীবাজারে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াতের

মৌলভীবাজারের জুড়ি ও রাজনগর উপজেলায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মৌলভীবাজার জেলা শাখা।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, জুড়ি উপজেলায় দলীয় নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হলেও ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তারা। হামলার সময় স্থানীয় বিএনপি প্রার্থী ও উপজেলা পর্যায়ের এক নেতার উপস্থিতির বিষয়টি উল্লেখ করে ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

জেলা নেতারা দাবি করেন, নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থীর প্রধান এজেন্ট তার নির্বাচনী এলাকায় যেকোনো স্থানে যাতায়াত করতে পারেন এবং এতে বাধা দেওয়া আইনসম্মত নয়। কেউ বাধা দিলে বা হামলায় জড়ালে তা ফৌজদারি অপরাধের শামিল বলে তারা উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, আনুষ্ঠানিক প্রচারণার সময়সীমা শেষ হলেও ব্যক্তিগত পর্যায়ে প্রচারণা চালানো আইনসিদ্ধ। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া, জোরপূর্বক বাধা সৃষ্টি বা হামলার ঘটনা নির্বাচনী পরিবেশ নষ্ট করে এবং তা শাস্তিযোগ্য অপরাধ।

আব্দুল কালাম,মৌলভীবাজার