খাগড়াছড়িতে ভোটাধিকার প্রয়োগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ৮ নম্বর পৌর ওয়ার্ডের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দেশে ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানান। সাদিক কায়েম বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নতুন প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আরও মন্তব্য করেন, ৫ আগস্টের পর দেশের মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, এই নির্বাচন সেই প্রত্যাশার প্রতিফলন এবং এটি জনগণের বিজয়।
জাতীয় সংসদের ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৫৪ হাজার ১৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন। তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটারসহ নতুন ভোটার যুক্ত হয়েছেন প্রায় ২৭ হাজারের বেশি। জেলার ৯টি উপজেলায় ২০৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাবরিনা রিমি/










