ভোট দিলেন তারেক রহমান

তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান ২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

তারেক রহমান ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী। এই আসনেই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র অবস্থিত।

সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে এসে পৌনে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ইসির তথ্য অনুযায়ী, ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৮৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ১১৬ জন, নারী ভোটার ১ লাখ ৫৭ হাজার ৭৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৪টি।

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন:

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে স.ম. খালিদুজ্জামান (দাঁড়িপাল্লা)
  • জাতীয় পার্টি (জাপা) থেকে আতিক আহমেদ (লাঙ্গল)
  • জাতীয় পার্টি (জেপি) থেকে তপু রায়হান (বাইসাইকেল)
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ উল্যাহ (হাতপাখা)
  • বাংলাদেশ জাতীয় পার্টি থেকে কামরুল হাসান নাসিম (কাঁঠাল)
  • স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন (ময়ূর)

-এমইউএম