ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশব্যাপী চাঁদাবাজি ঠেকাতে ‘চান্দাবাজ’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দলটির মিডিয়া উপ-কমিটি এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে।
ওয়েবসাইটটিতে ইতিমধ্যে সারাদেশ থেকে ০৮টি অভিযোগ জমা পড়েছে। সংশ্লিষ্টরা এসব অভিযোগ গভীরভাবে যাচাই-বাছাই করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানা গেছে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পথ সহজ হয়। আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী তার ইশতেহারে ‘চান্দাবাজ.কম’ (https://www.chandabaaj.com/) ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানানোর সুযোগ ও প্রতিটি অভিযোগ দ্রুততার সঙ্গে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
-বেলাল










