পূর্বাচল উপশহরে ভয়াবহ আগুন, নীলা মার্কেটে পুড়ে ছাই ৫ দোকান, রক্ষা পেল প্রাণ

পূর্বাচল উপশহরের নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে অবস্থিত মার্কেট চত্বরে এ ঘটনা ঘটে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়দের ভাষ্যমতে, ভোরের নিস্তব্ধতা ভেঙে প্রথমে একটি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় এক ঘণ্টার টানা প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পাঁচটি দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম জানান, ভোর সোয়া ৫টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তাৎক্ষণিকভাবে চারটি ইউনিট কাজ শুরু করে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পূর্বাচল আর্মি ক্যাম্প ও রূপগঞ্জ থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত থেকে সহায়তা করে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নজরুল ইসলাম বাদল,রূপগঞ্জ