সন্দ্বীপের উন্নয়নে একগুচ্ছ নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সন্দ্বীপের সার্বিক উন্নয়নে ১৪ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছেন।
রোববার প্রিয় সাংবাদিকবৃন্দদের উদ্দেশ্যে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে সন্দ্বীপবাসীর ভোট ও সমর্থনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে সন্দ্বীপের উন্নয়নে এসব কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করার ঘোষণা দেন।
লিখিত অঙ্গীকারে বলা হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামোর আলোকে সন্দ্বীপের ক্ষেত্রে প্রযোজ্য কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। নৌ-পথের আধুনিক যোগাযোগ ব্যবস্থা চালু এবং নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে ফেরি সার্ভিস সচল রাখার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া নতুন মানচিত্র অনুযায়ী সন্দ্বীপের পশ্চিমাঞ্চলে জেগে ওঠা ভাসান চর, চর স্বর্ণদ্বীপসহ উপকূলীয় ও উড়িরচর এলাকায় প্রয়োজনীয় প্রশাসনিক ও অন্যান্য কার্যক্রম গতিশীল করার প্রতিশ্রুতি দেওয়া হয়। আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সন্দ্বীপের হাসপাতালগুলোর উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করা হয়।
অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভেঙে যাওয়া সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নির্মাণ, সন্দ্বীপকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।
পর্যটন খাতের উন্নয়নে সন্দ্বীপে পর্যটন কেন্দ্র স্থাপন ও চর এলাকায় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও জানানো হয়। বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়ন, তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানো এবং একটি মিনি স্টেডিয়াম স্থাপনের উদ্যোগের কথা বলা হয়।
লিখিত বক্তব্যে রেমিটেন্স যোদ্ধাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা, সকল ধর্মীয় জনগোষ্ঠীর মর্যাদা ও সামাজিক নিরাপত্তা রক্ষা এবং জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি সন্দ্বীপের পশ্চিমে জেগে ওঠা জমির খাজনা আদায়ের ব্যবস্থা ও প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দিতে প্রয়োজনীয় সহযোগিতার কথাও উল্লেখ করা হয়।
পরিশেষে প্রার্থী সন্দ্বীপবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে এসব অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপি আহ্বায়ক ও নির্বাচনের প্রধান সমন্বয়কারী এডভোকেট আবু তাহের, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব ও নির্বাচনী চীফ এজেন্ট আলমগীর হোসাইন ঠাকুর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইন্জিনিয়ার বেলায়েত হোসেনসহ, অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় রাজনৈতিক সহাবস্থান নিয়ে করা এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে জনাব আলমগীর হোসেন ঠাকুর বলেন, ২৪ এর ৫ আগষ্ট ফ্যাসিস্ট ও স্বৈরাচার হাসিনার পলায়নের পর থেকে সন্দ্বীপে বিএনপি কোন আওয়ামী লীগের উপর হামলা মামলা ইত্যাদি কিছুই করেনি। যা রাজনৈতিক সহাবস্থানের অন্যতম উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এছাড়াও জনাব অ্যাডভোকেট আবু তাহের সাহেব বলেন ইন্টেরিম সরকারের দেওয়া সন্দ্বীপের মানুষের জন্য উপহার ফেরি সার্ভিসটিকে জনমুখী লাভমূখী করতে সন্দ্বীপের ফেরি সার্ভিস যাতে করে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারে এবং ছেড়ে আসতে পারে এজন্য উপযুক্ত ড্রেজিং করানোর ব্যবস্থা রাখা হবে এবং সন্দ্বীপের মানুষ সকালে জেলা শহর চট্টগ্ৰামে গিয়ে কাজ শেষ করে আবার চট্টগ্রাম থেকে যেন রাতে সন্দ্বীপের বাড়িতে এসে ঘুমাতে পারে সেজন্য রাতের বেলাও যাতায়াতের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা করা হবে।

আবু সাঈদ খান, সন্দ্বীপ