পোস্টাল ব্যালট পরিবহনে নির্বিঘ্নতার জন্য ডাক বিভাগের যানবাহনে ছাড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আরোপিত নির্বাচনকালীন যান চলাচল নিষেধাজ্ঞা থেকে ডাক বিভাগের যানবাহনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ব্যালট নিরাপদে এবং নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেওয়ার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ সংক্রান্ত একটি চিঠি ইতিমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দেশে ও বিদেশে অবস্থানরত যোগ্য ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে ডাক অধিদফতর।

এদিকে নির্বাচন উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে। তবে পোস্টাল ব্যালট পরিবহনের দায়িত্বে নিয়োজিত ডাক বিভাগের যানবাহনগুলোকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন সময়েও ডাক বিভাগের সংশ্লিষ্ট যানবাহনগুলো যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

—এজাজ আহম্মেদ