ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, এখন অপেক্ষা সিল দেওয়ার

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরের উদ্যোগে ‘মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আখতার আহমেদ বলেন, “এ পর্যন্ত যে ২৯৯টি আসনের ভোট হওয়ার কথা ছিল, সেগুলোর সব ব্যালট পেপার এবং নির্বাচনি উপকরণ নির্বাচনী অফিসগুলোতে পৌঁছে গেছে। এক আসনে একজন প্রার্থীর মৃত্যু হওয়ার কারণে ভোট স্থগিত রয়েছে।”

তিনি আরও জানান, “ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ধাপে ধাপে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের কাছে সরবরাহ করা হয়েছে। ফলে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।” নির্বাচন উপলক্ষে ১৯টি দেশ থেকে ৫৪০ জন সাংবাদিক ও পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন বলে তিনি জানান।

ইসি সচিব বলেন, “এখন আমাদের শুধু ভোটের দিন পর্যন্ত অপেক্ষা। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার মধ্যে ভোট গ্রহণ শুরু হবে। আমরা একটি যুগান্তকারী সন্ধিক্ষণে পৌঁছাব এবং নতুন সূচনা হবে।” সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, “এই প্রক্রিয়া সহজ ছিল না, কিন্তু ধাপে ধাপে আমরা এটি সম্পন্ন করতে পেরেছি। লক্ষ্য হচ্ছে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুন্দর, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজন করা।”

সাংবাদিকদের প্রতি সত্য তথ্য তুলে ধরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “সত্যকে ধারণ ও প্রকাশ করতে হবে। তথ্য সরবরাহ করা হবে, ব্যাখ্যা আপনারাই করবেন। তবে অপতথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকতে হবে। সত্য যতই কঠিন হোক না কেন, সেটাই বলা হবে।”

নির্বাচনের ফল একীভূতকরণ প্রসঙ্গে তিনি জানান, “পোস্টাল ব্যালটের ফলের ক্ষেত্রে অন্য কেন্দ্রের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে। কারণ সেখানে ব্যালট পেপারের কাঠামোগত কারণে একাধিকবার যাচাই-বাছাই করতে হয়। তবে তা দীর্ঘায়িত হবে না।”

-এমইউএম