ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকা সফরে আসতে পারেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। আগামী মার্চের প্রথম সপ্তাহে তার সফরটি অনুষ্ঠিত হতে পারে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত রোববার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন। সংশ্লিষ্ট বৈঠকগুলোতে পল কাপুরের ঢাকা সফর নিয়ে আলোচনা হয়। সূত্রের মতে, আগামী ৬ থেকে ৯ মার্চের মধ্যে তিনি ঢাকা সফর করতে পারেন।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের ভবিষ্যৎ সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা করতেই ট্রাম্প প্রশাসন পল কাপুরকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য মনোনীত করেন। একই বছরের অক্টোবরে তার নিয়োগ চূড়ান্ত হয়।
-এমইউএম










