টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে লাভজনক ম্যাচ ভারত বনাম পাকিস্তান। আইসিসির ‘দ্বিমুখী নীতি’র সমালোচনা করে এই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পরে সরকারের নির্দেশে ইউ-টার্ন নেয় তারা। বিরাট কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মার মতে, পুরো ঘটনাটি ছিল পাকিস্তানের ‘নাটক’।
এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় রাজকুমার শর্মা বলেন, পাকিস্তানের এই অবস্থান কেবল একটি নাটক। ভারতের বিপক্ষে না খেললে কী ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে, তা তারা পরে উপলব্ধি করেছে। তার মতে, এ ধরনের আচরণ পাকিস্তানের জন্য নতুন কিছু নয়।
রাজকুমার শর্মা বলেন, ‘এটা ছিল পাকিস্তানের নাটক, যেটা তারা সবসময়ই করে। তারা প্রথমে বাংলাদেশকে সমর্থন দিল, পরে তাদের একপাশে সরিয়ে রাখল। এখন তারা বুঝতে পারছে, ভারতের বিপক্ষে না খেললে কতটা ক্ষতি হতে পারে। এই ধরনের আচরণ পাকিস্তানের কাছ থেকে প্রত্যাশিতই।’
গতকাল (সোমবার) পাকিস্তান সরকার তাদের ক্রিকেট দলকে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচে অংশ নেওয়ার অনুমতি দেয়। আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে লাহোরে অনুষ্ঠিত বৈঠকের ফলাফল সম্পর্কে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অবহিত করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ ম্যাচ ভারতের বাইরে আয়োজনের অনুরোধ আইসিসির কাছে করেছিল। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্ব ক্রিকেট সংস্থা টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।
এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে আলোচনা চালিয়ে যান। আইসিসি ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে তাদের দলকে অনুমতি দেয়।
-এমইউএম










