ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান কেরানীগঞ্জকে পরিচ্ছন্ন ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার তারানগরে বিএনপির কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকার করেন। তিনি বলেন, শহরে নাগরিক সুবিধা বৃদ্ধি এবং উন্নত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হবে।
আমানউল্লাহ আমান আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক ও নাগরিক সুবিধা নিশ্চিত করা জরুরি উল্লেখ করে বলেন, নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়েই কেরানীগঞ্জকে একটি বাসযোগ্য ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে। এ সময় তিনি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত কেরানীগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং আধুনিক কেরানীগঞ্জ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হলো সুষ্ঠু নির্বাচন। নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও দুর্বল হয়ে পড়ে। তাই আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
আমানউল্লাহ আমান বলেন, দেশের মানুষ আর কোনো প্রহসনের নির্বাচন দেখতে চায় না। জনগণ তাদের ভোট নিজেরাই দিতে চায় এবং সেই ভোটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিতে চায়।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাবেন এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। জনগণের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।
তিনি অভিযোগ করে বলেন, তার প্রতিপক্ষ নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সহিংসতা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনগণ যেন কোনো ধরনের ভয়ভীতি, হুমকি, বাধা কিংবা প্রভাবমুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সেটিই আমাদের প্রধান দাবি।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভোটাররা যেন নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারে—সে পরিবেশ নিশ্চিত করা আপনাদের দায়িত্ব।
আমানউল্লাহ আমান বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণই তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করবে। আর সেই নির্বাচনের মাধ্যমেই একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আধুনিক কেরানীগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফানি ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসানসহ থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-সাইমুন










