নির্বাচন ঘিরে রোহিঙ্গা আটকের সংখ্যা দীর্ঘ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে বসবাস করা অন্তত ১৫শ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল রোববার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় এই অভিযান শুরু হয় বলে জানিয়েছেন যৌথবাহিনীর একজন কর্মকর্তা। অভিযান অব্যাহত থাকায় আটকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এদিকে, ক্যাম্পের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহার করা হতে পারে, এমন আশঙ্কা থেকেই এই অভিযান পরিচালনার কথা জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ক্যাম্পে জায়গা নির্ধারণ করে দেয়া আছে। কিন্তু তারপরও তারা নিয়ম ভেঙ্গে বাঙালিদের জমি দখল করে অবস্থান করছে। যা স্থানীয়দের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।‘
বর্তমানে আটককৃতদের একটি নির্দিষ্ট স্থানে জমায়েত করা হচ্ছে। পরে তাদেরকে স্থানীয় জেলা প্রশাসক ও উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ছেড়ে দেয়া হবে এবং ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। কারণ খতিয়ে দেখা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদেরকে আমরা এখনই ক্যাম্পে পাঠাবো না। আগে সবাইকে আটক করা হবে। তারপর অনুসন্ধান করা হবে যে তারা কেন ক্যাম্পে নিজেদের নির্ধারিত জায়গা থেকে বেরিয়ে এসেছে। নির্বাচনকে সামনে রেখে তাদেরকে ব্যবহার করা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখার পর স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠানো ব্যবস্থা করা হবে।‘
প্রশাসন সূত্র জানায়, রোহিঙ্গাদের জন্য নির্ধারিত ক্যাম্পে থাকার ব্যবস্থা আছে। তারপরও অনেকেই নিয়ম ভেঙে স্থানীয়দের জমিতে ঘর বানিয়ে বসবাস করছে অথবা ভাড়া বাসায় থাকে, যা স্থানীয়দের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
এর আগে গত সপ্তাহে ৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা থেকে ৩৪৫ রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনী। পরে চন্দনাইশ আর্মি ক্যাম্প থেকে প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনী।
সেনাবাহিনী জানায়, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), চন্দনাইশ উপজেলা প্রশাসন ও চন্দনাইশ থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী ৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ওই বার্মা কলোনি দুটি চারদিক থেকে ঘিরে রাখেন। এরপর প্রতিটি বাড়ি তল্লাশি করে ৩৪৫ রোহিঙ্গাকে আটক করা হয়। এসব রোহিঙ্গাদের মধ্যে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন মহিলা ও ৮৩ জন শিশু রয়েছেন।
সেনাবাহিনী আরও জানায়, চন্দনাইশ উপজেলা প্রশাসন ও চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) তত্ত্বাবধায়নে কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ওই বার্মা কলোনিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখাতে অভিযানটি পরিচালনা করা হয়।