আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনে ধানের শীষের প্রার্থীর সমর্থনে শেষ নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতিতে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। জনসভার নাসির নগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সাংসদ সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, দপ্তর সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড আলী আজম চৌধুরী, সাবেক চেয়ারম্যান ওমরাও খান, গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহীন, কুন্ডার চেয়ারম্যান নাছির উদ্দীন ভূইয়া ধরমন্ডল ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
জনসভায় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সাংসদ সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল বলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমাদের ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে তিনি এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
জনসভায় বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান জনগনের উদ্দেশ্যে বলেন, “আমি ক্ষমতার রাজনীতির বিশ্বাস করি না, মানুষের সেবার রাজনীতিতে বিশ্বাস করি। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যে আপনারা আমাকে নির্বাচিত করেন। আমিও নির্বাচিত হলে এই এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে থাকবো ইনশাআল্লাহ।
সভায় উপস্থিত দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায়। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল বলেই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী এমএ হান্নান কে বিজয়ী করার আহ্বান জানান।
খ, ম, জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া










