এখন থেকে পুরো ডিসেম্বর মাসজুড়ে অধস্তন আদালতে আর বার্ষিক ছুটি থাকবে না। পরিবর্তে বছরে দুই দফায় মোট এক মাস ছুটি পাবেন অধস্তন আদালতের বিচারকরা ডিসেম্বরে ১৫ দিন এবং জুনে ১৫ দিন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সভা সূত্র জানায়, প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি থাকবে। চলতি বছর থেকেই এই নতুন ছুটির ব্যবস্থা কার্যকর হবে।
এছাড়া সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ইতোমধ্যে ছয়জন কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সভায় সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তও গৃহীত হয়।
ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এতে হাইকোর্ট বিভাগের সব বিচারপতি অংশ নেন। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।
-এমইউএম










