চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের নির্বাচনী হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ হিসেবে উঠে আসছেন তরুণ ভোটাররা। এবার তিন লাখের বেশি তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। ফলে ভোট নিয়ে তাদের আগ্রহও তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে।
অল্পসংখ্যক তরুণ সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও অধিকাংশই রাজনীতির বাইরে। তবে এই নিরপেক্ষ তরুণ ভোটাররাই অনেক আসনে জয়-পরাজয়ের সমীকরণ বদলে দিতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার ১৬টি আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ১৬ হাজার ৭১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৩৬ হাজার ৬৮৫ জন, নারী ৩১ লাখ ৭৯ হাজার ৯৫৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭০ জন। এবার নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ৩ লাখ ৪ হাজার ৫১ জন, যাদের বেশিরভাগই তরুণ।
আঞ্চলিক নির্বাচনী কার্যালয় সূত্র জানায়, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম হয়েছে এবং পূর্ববর্তী হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছিলেন তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চট্টগ্রামের প্রতিটি আসনে নতুন যুক্ত হওয়া তরুণ ভোটারের সংখ্যা ১০ হাজার থেকে ২০ হাজারের মধ্যে। গড়ে প্রতি আসনে নতুন ভোটার রয়েছেন প্রায় ১৯ হাজার, যাদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, ‘সাধারণত নতুন ভোটাররা নির্বাচনে বেশি আগ্রহী থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। তরুণরা যদি সক্রিয়ভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন, তাহলে যেকোনো আসনে ফলাফলে বড় ধরনের প্রভাব পড়তে পারে।’
নতুন ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক তরুণ নিজের পছন্দের দল বা প্রার্থী সম্পর্কে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আবার অনেকে এখনো প্রতীক ও প্রার্থী বাছাই নিয়ে দ্বিধায় রয়েছেন, যদিও ভোট দেওয়ার আগ্রহ রয়েছে। তবে কিছু তরুণ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনে তেমন আগ্রহ দেখাচ্ছেন না।
নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের মতে, তরুণ ভোটারদের মনস্তত্ত্ব অনেক ক্ষেত্রে কাছাকাছি হওয়ায় তারা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও প্রায় একই ধরনের সিদ্ধান্তে পৌঁছান। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণার কারণে প্রার্থীদের ভাবমূর্তি ও কর্মকাণ্ড সম্পর্কেও তারা সচেতন। ফলে কোনো আসনে তরুণ ভোটাররা যদি একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ঝুঁকে পড়েন, তাহলে সেই প্রার্থী স্পষ্টভাবে এগিয়ে যেতে পারেন বিশেষ করে যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে যাচাই-বাছাই শেষে দলীয় ও স্বতন্ত্র প্রতীকে মোট ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন ছোট দলের প্রার্থীর পাশাপাশি শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে রয়েছেন। ফলে তরুণ ভোটারদের সমর্থন পেলে একাধিক আসনে ভোটের হিসাব পাল্টে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
-এমইউএম










