বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০০১ সালে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠন করার সময় বাংলাদেশের গায়ে দুর্নীতির তকমা ছিল। তবে বেগম খালেদা জিয়ার সরকার ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার সময় দেশকে সেই দুর্নীতির তকমা থেকে মুক্ত করতে সক্ষম হয়েছিল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাসাবো তরুণ সংঘ মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের সমর্থনে এ পথসভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশে যে দুর্নীতি হয়েছে, তা থেকে দেশকে বের করে আনতে হলে বিএনপির বিকল্প নেই। কারণ দুর্নীতি মোকাবিলার বাস্তব অভিজ্ঞতা বিএনপির রয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়ার সরকারের সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করা হয়েছিল এবং সেটিকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। যেকোনো ব্যক্তির দুর্নীতি তদন্তে কমিশনকে সরকারের অনুমতি নিতে হতো না। খালেদা জিয়ার সাহসী নেতৃত্বের কারণেই দুদককে শতভাগ স্বাধীনতা দেওয়া সম্ভব হয়েছিল।

তারেক রহমান আরও বলেন, স্বাধীনতার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল তা মুক্তিযোদ্ধারাই ভালো জানেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটে। একইভাবে খালেদা জিয়ার শাসনামলে চাঁদাবাজি দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। সে সময় নারীরা নিরাপদে চলাচল করতে পারতেন এবং ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা-বাণিজ্য করতে পারতেন।

তিনি বলেন, বিএনপির রয়েছে দুর্নীতি থেকে দেশকে উদ্ধার করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের শিক্ষা নিশ্চিত করার অভিজ্ঞতা। সঠিকভাবে দেশ পরিচালনার জন্য পরিকল্পনা প্রয়োজন, আর সেই পরিকল্পনা বিএনপির আছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে বাসাবো এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট, হাসপাতাল সংস্কার ও নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-এমইউএম