জয়পুরহাটের পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর দাফন সম্পন্ন হয়েছে। তিনি মৃত গমতুল্লাহ মন্ডলের ছেলে ছিলেন।
সোমবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী শ্রীমন্তপুর গ্রামের বাড়িতে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন উপস্থিত থেকে রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। মরদেহকে জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয় এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পাঁচবিবি থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে মরদেহকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ধরঞ্জী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলামসহ অনেকে।
বার্ধক্যজনিত কারণে তিনি ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ১৯৭১ সালে তিনি ৭ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
-জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট










