ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘যখন আমরা ইসলামের পক্ষে একটা বাক্স ঘোষণা করলাম, তখন মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছিল। তারা অধির আগ্রহে সময় গুনছিল। তখন ইসলামের নামে একটি দল ক্ষমতা ও স্বার্থের জন্য আমেরিকা ও ভারতের সঙ্গে গোপনে বৈঠক করে। আমরা পরিষ্কার বলছি, আমরা আমেরিকা ও ভারতের ইনসাফ নয়; আমরা মদিনা ও ইসলামের ইনসাফ দেখতে চাই।
আজ রোববার ভোলার চরফ্যাসনের টিবি স্কুলমাঠে ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, ‘৫৪ বছরে বারবার সরকারের পরিবর্তন দেখেছি। আমরা যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে ভোট দিয়েছি, বাস্তবে সেটির প্রতিফলন হতে দেখিনি। এখন পরিবর্তনের জন্য একটাই নীতি-আদর্শ, তা হলো ইসলাম। এটি কালজয়ী আদর্শ। অনেকে শরিয়া শুনলে ভয় পান। ইসলাম মানেই শরিয়া। রোজা-নামাজ, হজ-জাকাতসহ ইসলামের যত বিধিবিধান রয়েছে, সবই শরিয়া।’ এ সময় তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাতপাখায় ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান।
পরে তিনি লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা-৩ আসনের দলীয় প্রার্থী মোসলেহ উদ্দিনের এবং সন্ধ্যায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা-১ আসনের প্রার্থী ওবায়দুর রহমানের জনসভায় বক্তব্য দেন।
-সাইমুন










