নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা মহিলা মাদরাসা মাঠে আয়োজিত এই পথসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
“বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জের কোনো এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুদের আর ঠাঁই হবে না। রূপগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, প্রতিটি বাড়িতে বৈধ গ্যাস সংযোগ নিশ্চিত করা হবে। পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে। কোমলমতি শিক্ষার্থীরা যেন নির্ভয়ে স্কুল, কলেজ ও মাদরাসায় যেতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
দিপু ভুঁইয়া বলেন, সমাজের অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদানসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা হবে। উন্নয়ন ও মানবিক রাজনীতির মাধ্যমে রূপগঞ্জবাসীর জীবনমান পরিবর্তন করাই বিএনপির লক্ষ্য।
এদিন ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট ২১টি স্থানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সৌদি আরব যুবদলের সভাপতি ও সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ উপজেলা, ইউনিয়ন ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
নজরুল ইসলাম বাদল,রূপগঞ্জ










