ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি স্পষ্ট করে জানিয়েছেন, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে তিনি কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এমন অবস্থানে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
রোববার পিসিবির সমালোচনা করে সৌরভ বলেন, বিশ্বকাপে প্রতিটি ম্যাচ ও প্রতিটি পয়েন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তার কাছে বোধগম্য নয়। তিনি আরও বলেন, ম্যাচটি তো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা তাহলে পাকিস্তানের এই সিদ্ধান্ত সত্যিই অবাক করার মতো।
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান সরকারের নির্দেশে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পিসিবি। এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি সেই প্রস্তাব নাকচ করে দেয়। অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় এবং তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড।
এরপর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই সরকার পাকিস্তানের দলকে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ না খেলার নির্দেশ দেয়। যদিও পাকিস্তানের সব ম্যাচই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে এবং ভারত-পাকিস্তান ম্যাচটিও সেখানেই হওয়ার কথা ছিল।
এই প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, শ্রীলঙ্কায় ম্যাচ হলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো কারণ নেই। তার মতে, বিশ্বকাপে প্রতিটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের সিদ্ধান্ত দলের ক্ষতি ডেকে আনতে পারে।
গণমাধ্যমের প্রতিবেদনে আরও জানা গেছে, ভারতের বিপক্ষে খেলতে আইসিসির কাছে তিনটি শর্ত তুলে ধরেছে পিসিবি। রবিবার লাহোরে পিসিবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠকে এসব দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশকে বাড়তি ক্ষতিপূরণ দেওয়া, অংশগ্রহণ ফি নিশ্চিত করা এবং ভবিষ্যতে বাংলাদেশকে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া।
এদিকে বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। পিসিবির অন্যান্য কর্মকর্তারা ম্যাচ খেলার পক্ষে থাকলেও চেয়ারম্যান মহসিন নাকভির আপত্তি তেমন গুরুত্ব পায়নি বলে জানা গেছে।
-এমইউএম










