রাজধানীর সাতটি সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনে অধ্যাদেশ জারি করেছে সরকার।
খসড়া অধ্যাদেশে কলেজগুলোকে চারটি স্কুলে বিভক্ত করার কথা থাকলেও চূড়ান্ত অধ্যাদেশে সেই প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কলেজগুলো তাদের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেই একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত থাকবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রোববার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ শীর্ষক গেজেট প্রকাশ করে।
অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে নিয়ে নতুন এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলো।
দীর্ঘদিন ধরেই এসব কলেজের শিক্ষার্থীরা পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন।
এর আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকলেও ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়। তবে একাডেমিক জটিলতা ও হয়রানির অভিযোগ তুলে শিক্ষার্থীরা পরে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করেন।
শিক্ষার্থীদের ভাষ্য, এই সিদ্ধান্ত উচ্চশিক্ষার উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ এবং তাদের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব রূপ।
-এমইউএম










