খুলনা–৩ আসনের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে “স্মার্ট লাইফ, ফ্রি ওয়াইফাই” স্লোগানকে সামনে রেখে এই সেবা চালু করা হয়।
খুলনা–৩ আসনের প্রতিটি থানার আওতাধীন খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী এলাকায় মোট ছয়টি পয়েন্টে ২৪ ঘণ্টা হাই-স্পিড ইন্টারনেট সুবিধাসম্পন্ন ‘বকুল’স ওয়াইফাই জোন’ স্থাপন করা হয়েছে। কোনো পাসওয়ার্ড ছাড়াই যে কেউ এই ওয়াইফাই সেবায় যুক্ত হতে পারবেন।
এ বিষয়ে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, বর্তমান বিশ্বে ইন্টারনেট বিলাসিতা নয়, বরং শিক্ষা, কর্মসংস্থান ও সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য একটি মৌলিক প্রয়োজন। ইন্টারনেটের সহজলভ্যতায় তরুণরা আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে অনলাইন লার্নিং ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ের সুযোগ পাচ্ছে। তিনি বলেন, ফ্রি ওয়াইফাই তরুণ সমাজসহ সবার অধিকার এবং ভবিষ্যতে এআই যুগে তরুণরাই নেতৃত্ব দেবে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে এই ফ্রি ওয়াইফাই সেবা খুলনা–৩ আসনের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সম্প্রসারণ করা হবে, যাতে কোনো গ্রাম, শিক্ষার্থী বা নাগরিক ডিজিটাল সেবা থেকে বঞ্চিত না থাকে। তাঁর ভাষায়, এই উদ্যোগ দলের দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়ন পরিকল্পনার অংশ, যার লক্ষ্য ডিজিটাল বৈষম্য কমানো, সামাজিক ও অর্থনৈতিক সংযোগ জোরদার করা এবং টেকসই কমিউনিটি উন্নয়ন নিশ্চিত করা।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফ্রি ওয়াইফাই সেবার ফলে শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাধারণ পরিবারগুলো শিক্ষা, চাকরির তথ্য, সরকারি সেবা এবং বৃহত্তর অর্থনীতির সঙ্গে আরও সহজে যুক্ত হতে পারবে।
-সাইমুন










