নেত্রকোনার নারী জাগরণের পথিকৃৎ, স্বাবলম্বী উন্নয়ন সমিতি (এসইউএস) প্রতিষ্ঠাতা ও সাবেক শিক্ষিকা বেগম রোকেয়া ওরফে মস্তুরা (৭৯) অগণিত মানুষের শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন। রোববার সকাল ১০টায় জেলা সদরের সাতপাই পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এর আগে তাঁর মরদেহ এসইউএস কার্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জেলা শহরের নিখিলনাথ সড়কের বাসিন্দা বেগম রোকেয়া গত ৩০ জানুয়ারি সুইডেনের স্টকহোমের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই কন্যা রেখে গেছেন।
‘মস্তুরা আপা’ নামে পরিচিত বেগম রোকেয়া ১৯৮৬ সালে দরিদ্র ও বঞ্চিত নারীদের কল্যাণে স্বাবলম্বী উন্নয়ন সমিতি (এসইউএস) প্রতিষ্ঠা করেন। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নারীসমাজের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক।
-মহসিন মিয়া, নেত্রকোনা










