গত ১৫ বছর মানুষের ভোটের অধিকার নিয়ে তামাশা করা হয়েছে – মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, গত ১৫ বছর মানুষের ভোটের অধিকার নিয়ে তামাশা করা হয়েছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলেও বড় দলগুলো খালি ঈদের পর আন্দোলনের কথা বলেছে। কিন্তু সেই ঈদের চাদ ১৫ বছরে তারা দেখাতে পারেনি।

শনিবার রাত ১১ টায় নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। এদিন বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দলটির প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনকে বসিয়ে দিয়ে এনসিপি প্রার্থী এড. আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন দেয়া হয়।

মামুনুল হক বলেন, মানুষ দেশের উন্নয়নে কাজ করে, পরিশ্রম করে অর্থনীতির চাকা সচল রাখার চেষ্টা করে। আর দুর্নীতিবাজরা নির্দয়ের মত টাকা বিদেশে পাচার করে। বাংলাদেশ থেকে সন্ত্রাস, গুন্ডামি, লুটপাটতন্ত্রের ভুত দূর করতে হবে। ফ্যাসিবাদী শক্তি নারায়ণগঞ্জের সোনারগায়ে তার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আমাদের প্রতিবাদী কন্ঠস্বর থামিয়ে দেয়ার জন্য ঘৃণ্যতম ষড়যন্ত্র করেছিলো। এদেশের জনগণ সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে।

এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নারায়ণগঞ্জ ৪ আসনে এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিন সহ জামায়াত, খেলাফত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোঃ মামুন মিয়া
নারায়ণগঞ্জ