পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় গরু আটক

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ৬ টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাতটার সময় বিশ্বাসযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক,পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অধীনস্থ মালকাডাঙ্গা বিওপির বিশেষ টহল দল নায়েব সুবেদার মোঃ আজহারুল ইসলাম এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৫/১০ এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, নাউতরি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে বাংলাদেশে চোরাচালানকৃত ভারতীয় গরু ছয়টি মালিক বিহীন অবস্থায় আটক করে বিজিবি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটেলিয়ন ৫৬ বিজিবি সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সদা তৎপর রয়েছে। তারাই ধারাবাহিকতায় একের পর এক সফল অভিযান পরিচালনার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করছে।

জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলায় জোতহাসনা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। যারা গরু চরাচালানের সাথে জড়িত। এই চক্রটি বিভিন্ন সময় অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে গরু চোরাচালান করে আসছে। এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি’র আভিযনিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

-আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়