প্রতিশোধের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি মনোনীত প্রার্থী জোনায়েদ সাকি। আজ শনিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে নির্বাচনী সমাবেশে এমন বক্তব্য দিয়েছেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, জাতীয় ঐক্য ও সংস্কারের আহ্বান জানিয়ে প্রতিশোধের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য গড়তে হবে। মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করে কৃষক-শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যুগপৎ জোটের পক্ষে ভোট চেয়ে রাষ্ট্রব্যবস্থা সংস্কার ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, একটি অভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে গড়ার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়ের বাংলাদেশ এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হবে।
বাঞ্ছারামপুরের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, বাঞ্ছারামপুরের রাস্তাঘাট সংস্কার, গ্যাস সরবরাহ নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসন, মেঘনা ব্রিজ, বেড়িবাঁধ তৈরি ও শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। এ ছাড়া কৃষক, শ্রমিক, ইমাম, পুরোহিতসহ সব শ্রেণি-পেশার মানুষের সামাজিক সুরক্ষা ও কৃষি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।










