যুদ্ধ শেষ করতে জুন পর্যন্ত সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়াকে আগামী জুনের মধ্যে যুদ্ধের অবসানে সমঝোতায় পৌঁছানোর সময়সীমা দিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার কিয়েভে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, “আমেরিকানরা প্রস্তাব দিয়েছে, গ্রীষ্মের শুরুতেই যুদ্ধ শেষ করতে হবে। এই সময়সূচি অনুযায়ী তারা উভয় পক্ষের ওপর চাপ সৃষ্টি করবে।” তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শান্তি প্রক্রিয়ার জন্য একটি সুস্পষ্ট সময়রেখা নির্ধারণ করেছে এবং আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে, সম্ভবত মিয়ামিতে, নতুন করে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছে। ইউক্রেন ওই বৈঠকে অংশ নেবে বলে নিশ্চিত করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। তবে এসব আলোচনায় যুদ্ধের অবসানে তেমন অগ্রগতি হয়নি। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের দাবি জানালেও কিয়েভ তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের সংবিধান অনুযায়ী এই অঞ্চল ছেড়ে দেওয়াও নিষিদ্ধ। তবে আলোচনার অংশ হিসেবে উভয় পক্ষ ১৫৭ জন করে যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয় এবং গত ৫ ফেব্রুয়ারি তা কার্যকর হয়েছে বলে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিশ্চিত করেছে। জেলেনস্কি জানান, এই চুক্তির আওতায় ভবিষ্যতেও যুদ্ধবন্দি বিনিময় চলবে।

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, শান্তি আলোচনায় এখনো অনেক কাজ বাকি থাকলেও বন্দি বিনিময় প্রমাণ করে যে কূটনৈতিক প্রচেষ্টা বাস্তব ফল দিচ্ছে। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে-সে বিষয়ে ওয়াশিংটন এখনো কিছু জানায়নি।

-বেলাল হোসেন