শাহবাগ ও ঢাবি স্টেশনে থামছে না মেট্রো ট্রেন

রাজধানীর শাহবাগ এলাকায় শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে মেট্রো ট্রেন আপাতত শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামছে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, সন্ধ্যা ৭টা ৫৮ মিনিট থেকে শাহবাগ এবং রাত ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামানো বন্ধ রাখতে স্টিক নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মকর্তারা আরও বলেন, ট্রেন চলাচলের সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে আজ আর এই দুই স্টেশনে ট্রেন থামবে না।

শুক্রবার মেট্রো ট্রেনের সর্বশেষ ট্রিপ উত্তরা থেকে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।

এর আগে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের যাত্রা ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ অনেকে আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

-সাইমুন