নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় একটি বিউটি পার্লারের টয়লেট থেকে কামরুন নাহার ইতি (৩৮) নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ‘পরী বিউটি পার্লার’ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
নিহত ইতি আব্দুর রাজ্জাকের কন্যা এবং এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সঙ্গে বসবাস করতেন। তিনি নিজেই ‘পরী বিউটি পার্লার’-এর মালিক ছিলেন।
পুলিশ জানায়, গত ২৭ জানুয়ারি থেকে কামরুন নাহার ইতি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার ভাই মো. আলিফ ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শুক্রবার দুপুরে পার্লারের ভেতর দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ওসি আব্দুল হালিম বলেন, “নিহতের শরীরে আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
-সাইমুন










