ইসিতে ইউএনও’র বিরুদ্ধে অভিযোগের পর জনসভায় রুমিন ফারহানার কড়া বার্তা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

অভিযোগ দাখিলের পর বৃহস্পতিবার রাতে নিজ এলাকায় এক নির্বাচনী জনসভা থেকে প্রশাসনের প্রতি কড়া বার্তা দেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালীশিমুল গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।

জনসভায় রুমিন ফারহানা বলেন, আমাদের এই সরকার নিরপেক্ষ, নির্দলীয় সরকার। এই সরকারের সময়ে আমি পুলিশ ও প্রশাসনকে বলবো—আপনারা নিরপেক্ষ থাকবেন। কোনো দলের প্রতি কিংবা কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব করবেন না। আমরা হাসিনার আমলের পুনরাবৃত্তি দেখতে চাই না।

তিনি আরও বলেন, প্রশাসনের প্রতি অনুরোধ—জনবান্ধব আচরণ করুন। আমলা হয়েছেন মানেই রাজা হয়ে যাননি। মাথায় রাখবেন, আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। সুতরাং সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় ভদ্রভাবে, নম্রভাবে কথা বলবেন এবং আইন অনুযায়ী তাদের সমস্যার সমাধান করবেন—এটাই আপনাদের দায়িত্ব।

পুলিশ ও প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, পুলিশ, প্রশাসন এবং বড় দলগুলোর সবাইকে বলতে চাই—মানুষের ক্ষমতা ৫ আগস্ট ২০২৪-এ আপনারা দেখেছেন। সুতরাং মানুষকে ক্ষেপাবেন না, মানুষের রায়ের বিরুদ্ধে যাবেন না। মানুষের প্রতিনিধিকে ফাউল করে সরানোর চেষ্টা করবেন না। কেউ যদি এমন চেষ্টা করে, তাহলে এর দাঁতভাঙা জবাব আমার এলাকার মানুষই দেবে।

-সাইমুন