রাজধানীর শ্যামপুরের ঢাকা মেস এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মো. আবুল বাশার (৭০) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।
ঘটনার সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
নিহতের সহকর্মী আলামিন জানান, আবুল বাশার কাশেম রি-রোলিং মিলে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বলেন, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে শ্যামপুর ঢাকা মেস এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, স্থানীয়রা দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি আটক করেছেন।
নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়। তিনি বর্তমানে কর্মস্থলের পাশেই বসবাস করতেন।
-সাইমুন










