জনগণ ইসিকে ঠুঁটো জগন্নাথের ভূমিকায় দেখতে চায় না: জয়নুল আবেদীন

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনী কার্যালয় ভাঙচুর, গাড়িতে হামলা, প্রচারণায় বাধা সৃষ্টি, হুমকি-ধমকি, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলাসহ বহুমাত্রিক অবাঞ্ছিত কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় এসব গর্হিত কাজ হলেও প্রশাসনের নির্বিকার ভূমিকা জনমনে নানা প্রশ্নের উদ্রেক করছে। জনগণ নির্বাচন কমিশনকে (ইসি) ঠুঁটো জগন্নাথের ভূমিকায় দেখতে চায় না।

বৃহস্পতিবার বিকেলে নগরের কাপ্তাই রাস্তার মাথায় চট্টগ্রাম-৮ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী মাওলানা ছৈয়দ হাসান আজহারির সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি চট্টগ্রাম-৮ আসনে মোমবাতি প্রতীকে মাওলানা ছৈয়দ হাসান আজহারী এবং চট্টগ্রাম-৯ আসনে মাওলানা ওয়াহেদ মুরাদ, চট্টগ্রাম-১০ আসনে চেয়ার প্রতীকে মাওলানা লিয়াকত আলী ও চট্টগ্রাম-১ আসনে চেয়ার প্রতীকে হাফেজ মাওলানা আবু তাহেরকে বিজয়ী করার আহ্বান জানান।

সভায় চট্টগ্রাম-৮ আসনের সুন্নী জোট প্রার্থী মাওলানা ছৈয়দ হাসান আজহারি বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও মাদক গোটা সমাজকে গিলে খেয়েছে। চট্টগ্রাম-৮ আসনকে একটি সন্ত্রাস-মাদকমুক্ত এবং সুস্থ, সুন্দর ও শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করছি।

মাওলানা মোহাম্মদ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে ও শহীদুল ইসলামের সঞ্চালনায় পথসভা উদ্বোধন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিক কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, অর্থ সচিব এএসএম কাউছার, কেন্দ্রীয় যুববিষয়ক সচিব এম রাশেদুল ইসলাম রাশেদ ও ইসলামী ফ্রন্ট চান্দগাঁও থানার সভাপতি কাজী মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

পথসভা শেষে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে ব্যাপক গণসংযোগ করা হয়।

-সাইমুন