সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে নিখোঁজের ১০ দিন পর এবাদ উল্লাহ (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সলপ ইউনিয়নের চরতাড়াবাড়িয়া নদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিশু এবাদ উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রামের সেলিম রেজার ছেলে।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন জানান, বিকেলে নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে থানায় সংবাদ দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ১০ দিন আগে গত ২৭ জানুয়ারি বাড়ির পাশে খেলা করার সময় শিশুটি নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে স্বজনরা এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। বৃহস্পতিবার শিশুটি নদীতে পড়ার স্থান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
-সাইমুন










