নারিকেলের দুধ খাওয়া শরীরের জন্য নানা দিক থেকে উপকারী হতে পারে। এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট শরীরে দ্রুত শক্তি জোগায় এবং দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে সাহায্য করে। যারা দুর্বলতা বা ক্লান্তিতে ভোগেন, তাদের জন্য নারিকেলের দুধ একটি প্রাকৃতিক এনার্জি ড্রিংকের মতো কাজ করে।
এতে থাকা ভালো ফ্যাট শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয়, কারণ এতে ক্যালোরির পরিমাণ তুলনামূলক বেশি।
নারিকেলের দুধে থাকা মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড হজমে সহায়তা করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে। নিয়মিত পরিমিত পরিমাণে খেলে গ্যাস, অম্বল বা হজমের সমস্যা কমতে পারে। পাশাপাশি এটি অন্ত্রে ক্ষতিকর জীবাণুর বৃদ্ধি রোধ করতেও সাহায্য করে।
ত্বক ও চুলের যত্নেও নারিকেলের দুধের অবদান আছে। এতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে এবং ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য করে। চুলের গোড়া মজবুত করা ও চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতেও এটি উপকারী।
এ ছাড়া নারিকেলের দুধ রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে। এতে থাকা কিছু প্রাকৃতিক উপাদান শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে শক্তিশালী করে। নিয়মিত ও পরিমিতভাবে নারিকেলের দুধ খেলে শরীর, ত্বক ও সামগ্রিক সুস্থতার জন্য ভালো ফল পাওয়া যেতে পারে।
-বিথী রানী মণ্ডল










