১২ দিন বন্ধ থাকার পর যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু

গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটিতে ১২ দিন বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ। যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানার সূত্রে জানা গেছে, গ্যাস সংকটে দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পেয়ে গত বছরের ২৩ ডিসেম্বর ইউরিয়া সার উৎপাদন শুরু হয় কারখানাটিতে।

এরপর জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাংগাইল, রাজবাড়ি ছাড়াও উত্তরবঙ্গের ১৯ জেলায় এ সার সরবরাহ শুরু করে কারখানা কর্তৃপক্ষ। এদিকে গত ২২ জানুয়ারি রাতে হঠাৎ আবারো গ্যাস সংকট দেখা দিলে বুস্টার কম্প্রেসার ত্রুটি দেখা দেয়। এরপর ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ১১ দিন বুস্টার কম্প্রেসার মেরামত শেষে মঙ্গলবার রাত থেকে ফের ইউরিয়া উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।
১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকেই দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে আসছে কারখানাটি।

কারখানার উপপ্রধান প্রকৌশলী ফজলুল হক জানান, যমুনায় ইউরিয়া উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্যাস সংকোচনের বুস্টার কম্প্রেসার যন্ত্রে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ২২ জানুয়ারি থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ থাকে। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে মঙ্গলবার রাত থেকে যমুনায় পুরোপুরি ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।

-সাইমুন