রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ দুই সন্ত্রাসী আটক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

পূর্বাচল আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার ভূলতা ও গোলাকান্দাইল এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দুই এলাকা থেকে হাতেনাতে দুজনকে আটক করা হয়।
আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি ডামি পিস্তল উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—গোলাকান্দাইল এলাকার মো. কাওসার (২৭), পিতা মো. হারুন মিয়া এবং ভূলতা এলাকার রবি দাশ (৩৮), পিতা সীতারাম দাশ।
সেনাবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক দুজনকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধান আসামি মো. কাওসারের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

সেনাবাহিনী সূত্রে আরও জানানো হয়, নির্বাচনের সময় এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, সেনাবাহিনীর কাছ থেকে আটক দুজনকে গ্রহণ করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নজরুল ইসলাম বাদল,রূপগঞ্জ