মার্কিন ধনকুবের ইলন মাস্ককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ফ্রান্স সরকার। পাশাপাশি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর প্যারিস অফিসে তল্লাশি চালানো হয়েছে।
গতকাল সোমবার প্যারিস প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে।
প্যারিস প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়, ‘এক্স-এর বিষয়ে চলমান তদন্তের অংশ হিসেবে ইলন মাস্ক ও লিন্ডা ইয়াকারিনোকে আগামী ২০ এপ্রিল স্বেচ্ছায় সাক্ষাৎ দেওয়ার জন্য তলব করা হয়েছে। এক্স-এর কার্যত ও আইনগত ব্যবস্থাপক হিসেবে তাদেরকে ডাকা হয়েছে।
অন্যদিকে, ফরাসি সাইবারক্রাইম কর্তৃপক্ষ এক্স-এর প্যারিস অফিসে তল্লাশি চালিয়েছে।
প্রসিকিউটর অফিস জানায়, মাস্ক ও ইয়াকারিনোর তলব এবং অফিসে তল্লাশি ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া একটি তদন্তের অংশ। ওই তদন্তে এক্স-এর অ্যালগরিদম কীভাবে ব্যবহারকারীদের কনটেন্ট দেখায় এবং তথ্য সংগ্রহ করে, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ফরাসি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন, এক্স-এর এই কার্যপ্রণালী রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপের ঝুঁকি তৈরি করতে পারে।
কর্তৃপক্ষ বলছে, ফরাসি আইন অনুযায়ী এক্সের কার্যক্রম সংগতিপূর্ণ কি না তা যাচাই করা হচ্ছে।
গত বছর অভিযোগ ওঠে, এক্স প্ল্যাটফর্মে কিছু ব্যবহারকারী অন্যের অনুমতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি অশ্লীল ছবি ও ভিডিও শেয়ার করতে পারছেন। আরও অভিযোগ ছিল, হলোকাস্ট অস্বীকার বা নাৎসি অপরাধকে অস্বীকার করে এমন কনটেন্টও ছড়িয়ে পড়ছে।
ফরাসি আইন অনুযায়ী, এ ধরনের কনটেন্ট গুরুতর অপরাধ ও ঘৃণামূলক বক্তব্যের মধ্যে পড়ে। সেজন্য অভিযোগগুলো উত্থাপিত হলে কর্তৃপক্ষ বলছে, শুধু অ্যালগরিদম নয়, এক্স-এর কনটেন্ট নিয়ন্ত্রণ ও আইন মানার বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখা জরুরি।
-সাইমুন










