ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে আদালতে রিট দায়েরের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেছেন, ‘কেউ যদি সংবিধান ও আইন লঙ্ঘন করে নির্বাচনে অংশ নিতে চায়, সেটা আমরা মেনে নিতে পারি না। এ কারণেই আদালতে যাওয়া হয়েছে। কোনো আধিপত্যবাদী শক্তি যদি বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করে, জনগণই তার উপযুক্ত জবাব দেবে।
সোমবার রাজধানীর রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন নাহিদ।
তিনি অভিযোগ করেন, কয়েক দিন আগে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম দ্বৈত নাগরিকত্বের অধিকারী এবং বিষয়টি গোপন করে নির্বাচন কমিশনে তথ্য দিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। এখন আইনের সিদ্ধান্ত আইনই নেবে।
এইদিন নাহিদ ইসলাম পূর্ব রামপুরা এলাকায় কুঞ্জবন, জাকের রোড ও হাইস্কুল রোডে গণসংযোগ করেন। দুপুরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা, বিকেলে পূর্ব রামপুরা ভূঁইয়া গলি এলাকায় গণসংযোগ এবং সন্ধ্যার পর ওমর ও ব্যাংক কলোনিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রাতের শেষ পর্যায়ে তিনি তিতাস রোড থেকে টিভি সেন্টার পর্যন্ত গণমিছিলে অংশ নেন। এসব কর্মসূচিতে এনসিপি ও জামায়াত-শিবিরের স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
-সাইমুন










