শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (রাত) উত্তরা পশ্চিম থানা পুলিশ রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার অপর দুইজন হলেন ওই বাসার আরও দুই গৃহকর্মী।
সোমবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রোমের মিয়া আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ বলেন, ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং বাসার অপর দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
-এমইউএম










