দুর্নীতির গুরুতর অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল রফিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, পেট্রোবাংলার এই পরিচালকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে অন্তত ১০০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।
আবেদনে আরও জানানো হয়, রফিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে গ্যাস সংযোগ ও পুনঃসংযোগ প্রদান, গ্যাস বিল মওকুফ করা, নিয়মবহির্ভূত নিয়োগ ও পদোন্নতি বাণিজ্য এবং ঠিকাদারের বিল পাসের বিনিময়ে কমিশন গ্রহণের অভিযোগ রয়েছে। এছাড়া সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে বলা হয়েছে—তিনি বিদেশিদের কাছে দেশের গ্যাস মজুদ সংক্রান্ত অতি গোপনীয় তথ্য বিক্রি করেছেন।
দুদক তাদের আবেদনে আশঙ্কা প্রকাশ করে যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বর্তমানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এবং তাকে আইনের আওতায় নিশ্চিত করতে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করেন এবং রফিকুল ইসলামের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন।