কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে এক যাত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও ভিকটিমের লুণ্ঠিত মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।
রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৯ জানুয়ারি রাতের কোনো এক সময় ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে রেললাইনের ওপর থেকে আবু সুফিয়ান (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেন।
রেলওয়ে পুলিশ জানায়, মামলার তদন্তে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালায় রেলওয়ে পুলিশ। অভিযানে ছিনতাইকারী চক্রের সদস্য সুজন (২০), সায়েম (২৬), দানিয়েল (২৪), আলমগীর (৩২), রনি (২৬) ও পাপ্পুকে (১৪) গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।তদন্তে জানা যায়, নিহত আবু সুফিয়ান গত বৃহস্পতিবার রাতে বিমানবন্দর রেলস্টেশন থেকে এগারো সিন্দুর ট্রেনে ভৈরব স্টেশনে পৌঁছান। ট্রেন থেকে নেমে তিনি পূর্ব দিকে রেললাইন ধরে যাওয়ার সময় ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার পথরোধ করে মানিব্যাগ ও মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এক পর্যায়ে ধস্তাধস্তির সময় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
রক্তাক্ত অবস্থায় তিনি রেললাইনের ওপর লুটিয়ে পড়লে আসামিরা তার ট্রাভেল ব্যাগ, মানিব্যাগ ও মোবাইলফোন নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং নিহতের লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত কার্যক্রম ও পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
-সাইমুন